তাবলীগ জামাতের আমীরকে মসজিদে আটকে রেখে তালা
নিউজ ডেস্ক।। বিভিন্ন কারণে তাবলীগ জামাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বেশ অনেকদিন ধরেই চলে আসছে। আর এই কোন্দল প্রায় সময়ই রূপ নিয়েছে সংঘর্ষ আর অস্থিরতায়। এসব খবর বেশ পুরোনো হলেও এবার তাবলীগ জামাতের আমীর ও সংগঠনের এক সদস্যকে মসজিদের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ তাদেরকে মসজিদ থেকে উদ্ধার করে। বুধবার ভোরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের মহিউদ্দিন মাস্টারের বাড়ির পার্শ্ববর্তী জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ নিয়ে তাবলীগ জমাতের দুই পক্ষের সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট মারকাজ থেকে তাবলীগ জামায়াতের মাওলানা সাদপন্থী গ্রুপের ১৮জনের একটি চিল্লার জামায়াত বিভিন্ন মসজিদ ঘুরে বুধবার ফজরের নামাজের পরে উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের ওই জামে মসজিদে আসে। এ সময় ওই মসজিদের ইমাম মাহফুজুর রহমান ও মসজিদ কমিটির ক্যাশিয়ার মোবারক হোসেন ১৮ জনের তাবলীগ জামাতের এই দলকে মসজিদ থেকে বের করে দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বির্তকের ঘটনা ঘটে। একপর্যায়ে মসজিদের ইমাম মাহফুজুর রহমান, ক্যাশিয়ার মোবারক হোসেন ও মোঃ মাহফুজ তাবলীগ জামাতের সদস্যদের সাথে নিয়ে আসা ব্যাগসহ সমস্ত মালামাল বাইরে ছুড়ে ফেলে দেয়।
এ সময় মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন তাবলীগ জামাতের আমীর মোঃ নজির উদ্দিন ও জামাতের এক সাথী মিজানুর রহমান। একপর্যায়ে তাদেরকে মসজিদের ভিতরে রেখেই বাইরে থেকে তালা মেরে দেয় তারা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা খুলে মসজিদ থেকে তাদের বের করে আনেন। পরে আলোচনার মাধ্যমে তাবলীগ জামাতের ওই দলকে মসজিদে থাকার ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের ওই মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ মোবারক হোসেন বলেন, আমাদের কাছে পূর্বানুমতি না নিয়ে মসজিদে প্রবেশ করায় আমরা তাদের আমীরসহ দুইজনকে ভিতরে রেখেই বাইরে তালা মেরে দিয়েছি এবং তাদের ব্যাগসহ অন্যান্য মালামাল বাইরে রেখে দিয়েছি। অন্যদিকে তাবলীগ জামাতের আমীর মোঃ নজির উদ্দিন বলেন, কোনো মসজিদে জামাত নিয়ে আসলে বা নামাজ পড়তে কারও কাছে অনুমতি নিতে হয় তা আমাদের জানা নেই।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার এসআই আসাদুজ্জামান বলেন, আমরা এসে মসজিদের গেট বাইরে থেকে তালাবদ্ধ পাই। পরে ভেতরে আটকে রাখা দুজনকে উদ্ধার করে এলাকাবাসীকে নিয়ে উভয়পক্ষের সাথে আলোচনা করে ওই জামাতকে মসজিদে থাকার ব্যবস্থা করে দেই। উৎস: নয়াদিগন্ত।




