291351

ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশের পর যা বললেন তৃণমূল নেতা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ব্যবসায়িক ভিসা পেয়েছিলেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস। কিন্তু গতকাল মঙ্গলবার রায়গঞ্জে তৃণমূলের হয়ে প্রচারে দেখা যায় তাকে। এ কারণে ভিসার শর্ত লঙ্ঘন করায় তাকে দেশত্যাগের নির্দেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়েই বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তৃণমূলের এই নেতা বলেন, ‘অকারণে জলঘোলা করছে বিজেপি। কে কার হয়ে প্রচার করল, তা নিয়ে কারো কিছু যায় না। কিন্তু বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা জলঘোলা করছে।’

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ব্যবসায়িক ভিসায় রাজনৈতিক দলের হয়ে প্রচার করেছিলেন ফেরদৌস। এ ঘটনায় দেশটিতে কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এ অভিনেতা। দেশটির অভিবাসন দপ্তর জানায়, ভারতে কাজের জন্য ভিসা দেওয়া হয়েছিল ফেরদৌসকে। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছেন অভিনেতা। অভিবাসন দপ্তরের রিপোর্টের ভিত্তিতে তার ব্যবসায়িক ভিসা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে তাকে অবিলম্বে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়।

শুধু ফেরদৌস নন, মদন মিত্রের সঙ্গে সৌগত রায়ের সমর্থনে প্রচারে নেমেছিলেন ‘রাণী রাসমণি’র রাজা রাজ চন্দ্রের অভিনেতা গাজি আবদুন নুর। জানা গেছে, এদেশে কাজের অনুমোদনপত্র ছিল দুই বাংলাদেশি অভিনেতার। সেই হিসেবেই ভিসা পেয়েছিলেন তারা। কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে শামিল হন তারা। ইতিমধ্যেই এ ব্যাপারে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি। ভারতের অবস্থান জানার পর ফেরদৌসকে ডেকে পাঠায় কলকাতায় ভারতীয় উপদূতাবাস। সেখান থেকেই তাকে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়।

এদিকে ফেরদৌসের প্রচারে জামাত-তৃণমূল যোগের অভিযোগ করে তা তদন্ত করার দাবি জানিয়েছে উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি বলেন, ‘অন্য দেশের নাগরিক কীভাবে দেশের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? এটা আসলে তৃণমূলের সঙ্গে জামাত-ই-ইসলামীর যোগের প্রচার করা হয়েছে।’

ad

পাঠকের মতামত