ফুটফুটে নবজাতক উদ্ধার ধানক্ষেত থেকে
নিউজ ডেস্ক।। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ধানক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিণাবাড়ী গোডাউন বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, স্থানীয় লোকজন মঙ্গলবার সকালে শিশুটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পাশের হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ এসে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে হরিণাবাড়ি তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সেখানে শিশুটিকে অসুস্থ মনে হওয়ায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সকালে গোডাউন বাজার এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতে স্থানীয় লোকজন নবজাতকটিকে দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম শাহীন বলেন, ‘নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ আছে। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বাচ্চাটি গাইবান্ধা সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।’




