প্রেমে বাধা ও বঞ্চনা ‘রোমিও-জুলিয়েটের’ ছাদ থেকে লাফ!
কক্সবাজার শহরের দুই কিশোর-কিশোরী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেচে। নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কারণে তারা একে-অন্যকে রুমিও ও জুলিয়েট নামে ডাকে।প্রেমে বাধা ও বঞ্চনা বা পরিবারের অমতের কারণে এই জুটি পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে স্থানীয় এবং প্রতিবেশিরা জানালেও দুই পরিবারের দাবি, ভবনের ছাদে খেলতে গিয়ে রেলিং না থাকায় তারা পড়ে গেছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ছাদে রেলিং দেওয়া রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, কী কারণে দুই কিশোর-কিশোরী ছাদ থেকে লাফিয়ে পড়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের একটি পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক স্বজন জানান, একই ভবনের পাশাপাশি ফ্লাটে থাকায় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অপ্রাপ্ত বয়স থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের অভিভাবকরা মেনে নিতে পারেননি। এ নিয়ে উভয়েই নিজ নিজ পরিবার থেকে বাধা ও বঞ্চনা সইতে হতো।
ওই স্বজন জানান, ওই কিশোর এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল আসার পর তাদের পরিবার বসে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু কেন তারা একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি।ভবনের এক বাসিন্দা জানান, দুজন একে অন্যজনকে রোমিও-জুলিয়েট বলে ডাকে। সবার কাছে তারা রোমিও-জুলিয়েট হিসেবেই পরিচিত।




