মল চত্বরে ছাত্রলীগের বৈশাখী কনসার্টের অনুমতি বাতিল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে বৈশাখী কনসার্টের আয়োজন চলছিল। গত শুক্রবার মধ্যরাতে সেখানে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের একটি পক্ষ। এ কারণে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আয়োজনে বৈশাখী কনসার্টের অনুমতি বাতিল করেছে প্রশাসন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপাচার্যের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমতি বাতিল করেছে প্রশাসন। এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিতব্য কনসার্ট-এর অনুমতি বাতিল করা হয়েছে।’
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী গণমাধ্যমে জানান, আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের কোনো মূল প্রোগ্রাম নয়। এটি ছাত্রদের প্রোগ্রাম। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে কোনো সময় কনসার্টের অনুমতি বাতিল করার এখতিয়ার রয়েছে।
গত শুক্রবার রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপের অন্তর্কোন্দলে বৈশাখী কনসার্টের আয়োজনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন বুথ ও স্টলে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পহেলা বৈশাখকে সামনে রেখে ১৩ ও ১৪ এপ্রিল কনসার্টের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কনসার্টে জেমস, মিলা, ওয়ারফেজ, আরসেল ও ফিট ব্যাকসহ বেশ কয়েকটি ব্যান্ড আসার কথা ছিল।
বৈশাখী কনসার্টে মোজো কোম্পানি স্পন্সর করেছে। ঘটনার সময় মোজোর ২৭টি ফ্রিজের মধ্যে প্রায় ১৩টি ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এতে সাজানো প্যান্ডেলগুলোও পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীদের অনেককেই ঘটনাস্থলে দেখা যায়। সাংগঠনিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস এবং ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন উপস্থিত ছিলেন না।




