‘ভোট না দিলে অভিশাপ দেব’
ডেস্ক রিপোর্ট।। ভারতের লোকসভা নির্বাচনের মাঠ এখন সরগরম। প্রার্থীরা বিভিন্ন উপায় অবলম্বন করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন ঘিরে বিতর্কের জন্ম হচ্ছে প্রতিনিয়তই। এরই মধ্যে বিতর্ক বাঁধালেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ। বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তিনি বলেন, ‘তাকে ভোট না দিলে ভোটারদের অভিশাপ লাগবে। আমি সন্ন্যাসী, দোরে দোরে ঘুরে ভোট চাইছি। আমায় ভোট না দিলে আমি অভিশাপ দেব এবং আপনার জীবনের সমস্ত সুখ কেড়ে নেব।’ এমনকি তিনি পুরাণের কথা বলে সকলকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সাক্ষী মহারাজের বিরুদ্ধে। উন্নাও থেকে জিতে সংসদে যাওয়া সাক্ষী মহারাজ আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবার যেন সবকিছুকে অতিক্রম করে গেছেন তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পায়ের তলার জমি আলগা হয়ে গেলেই এমন হুমকি দেয় নেতারা। বিরোধী দলগুলো বলছে, সাধু হওয়ার ফায়দা তুলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন সাক্ষী মহারাজ। ভোট না দিলে অভিশাপ দেওয়ার কথা বলছেন। খারাপ ফল হবে মানুষের জীবনে, এমন দাবি করছেন। এই ঘটনা অনভিপ্রেত। তবে, এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি বিজেপি।




