290067

বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। তবে শনিবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ওই কিশোরীর নাম সীমা রানী দাস (১৪)। সে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর দীঘিরপাড় এলাকার নিত্যানন্দ ঋষিদাসের মেয়ে। মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুরের সাটিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত। রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়া সীমা রানী তিন ভাইবোনের মধ্যে বড়।

মামলার বিবরণে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তাঁর এক সহপাঠীকে জড়িয়ে এলাকার কিছু বখাটে তাঁকে অপবাদ দিত। অভিযোগে বলা হয়, সাটিয়াবাড়ি এলাকার চন্দন বাবুর ছেলে রাজকুমার চন্দ্র মানিক ও নৃপেন্দ্র চন্দ্র মনিদাসের ছেলে রিপন চন্দ্র মনিদাস প্রায় প্রতিদিন সীমা রানীকে রাস্তায় অপবাদ দিত এবং উত্ত্যক্ত করত। সর্বশেষ ১১ এপ্রিল রাতে বাড়িতে এসে সীমা রানীকে অপবাদ দিয়ে অপমানজনক কথা বলে উত্ত্যক্ত করে ওই দুজন। পরদিন মা–বাবা কাজে চলে যাওয়ার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সীমা রানী।

নিহত সীমার বাবা নিত্যানন্দ ঋষিদাস বলেন, ঘটনার পর থেকে বখাটেরা পলাতক। তারা পেশায় ইজিবাইকচালক। দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল ওই বখাটেরা।তিনি বলেন, ‘অপবাদ-অপমান ও উত্ত্যক্ত করায় সে আত্মহত্যা করেছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিয়া আত্মহত্যার খবর নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ad

পাঠকের মতামত