289747

জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার পথ দেখিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধ্যক্ষ দ্বারা নির্মমভাবে বিনা কারণে মাদ্রাসা ছাত্রীকে হত্যা করা হলো। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দৃষ্টান্তমুলক শাস্তি পেতে হবে।শুক্রবার আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তিনি এ কথা বলেন। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষকে পুড়িয়ে হত্যা করার পথ দেখিয়েছে বিএনপি। তারা ইতিপূর্বে গাড়িতে পেট্রলবোমা ছুড়ে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। যারা এর শিকার হয়েছেন তারাই একমাত্র বুঝতে পারেন এর কত যন্ত্রণা। অনেকে পোড়া শরীর নিয়ে এখনো বেঁচে আছেন। তাদের অনেককেই আমরা সাহায্য সহযোগিতা করছি।’

নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ভবন নির্মাণে সংশ্লিষ্টসহ ব্যবহারকারীদের সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠক। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী আসন্ন বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যাশা জানান, নতুন বছরে যেন উন্নয়নের ধারা অব্যাহত থাকে। নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িত কাউকে ছাড় না দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ভবনে আগুন লাগা প্রতিরোধে ভবন মালিকদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাসহ জনসচেতনতা বাড়াতে জোর দেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কাউকে সরকারের অনুমতি নিতে হবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ad

পাঠকের মতামত