289682

আইপিএলে সাকিবকে দীক্ষা দিতে যাচ্ছেন সালাহউদ্দিন!

স্পোর্টস ডেস্কঃ আইপিএল খেলতে এখন ভারতে সাকিব আল হাসান। প্রস্তুতিতে ঘাটতি পোষাতে প্রিয় কোচ সালাহউদ্দিনকে সেখানে যেতে অনুরোধ করেছেন তিনি। শোনা যাচ্ছে, শিষ্যের ডাকে সাড়া না দিয়ে পারেননি গুরু! শনিবার ভারতে যেতে পারেন তিনি। এবারো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব। দলটির প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। পরের ম্যাচেই বাদ পড়েন। তার বদলি খেলোয়াড় সেই ম্যাচে ভালো করায় পরে আর একাদশে সুযোগ পাননি তিনি।

বিপিএলের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই ইনজুরির কারণে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। বড় আশা নিয়ে গিয়েছিলেন আইপিএলে। তবে মাত্র এক ম্যাচ পর আর সুযোগ না পেয়ে হতাশ তিনি নিজেও। নিজের মধ্যে ব্যাট-বলের ঘাটটি দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই সেটা কাটিয়ে উঠতে সালাহউদ্দিনের শরণাপন্ন হয়েছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব। বাংলাদেশের স্তম্ভ তো বটেই। তবু এখনো কোনো সমস্যায় পড়লে শৈশবের কোচ সালাউদ্দিনের শরণাপন্ন হন তিনি। বিদেশ থেকেও ছুটে আসার নজির আছে তার। তবে এবার ভারতেই প্রিয় কোচকেই ডেকে পাঠিয়েছেন দেশসেরা ক্রিকেটার। সালাহউদ্দিন বলেন, সাকিব চাচ্ছে ভারতে গিয়ে কয়েকটা দিন তার প্র্যাকটিসে থাকি আমি। সেভাবে একটা প্রস্তুতিও নিয়ে রেখেছি। লীগ শেষ হলে এক-দুই দিনের মধ্যেই যাওয়ার পরিকল্পনা আছে।

শোনা যাচ্ছে, ১৩ এপ্রিল ভারতে যাচ্ছেন সালাহউদ্দিন। সেখানে গিয়ে সাকিবকে টোটকা দেবেন তিনি। আগামী ২২ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্পেইন। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে নামবেন টাইগাররা। দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে হয়তো এর আগেই দেশে ফিরবেন সাকিব। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, হায়দরাবাদের একাদশে সুযোগ না পেলে আগেই দেশে ফিরিয়ে আনা হবে সাকিবকে।

ad

পাঠকের মতামত