লেবাননে ক্রেন থেকে লোহা পড়ে প্রাণ গেল বাংলাদেশি রশীদের
লেবাননে জাহেলিতে কাজ করার সময় ক্রেন থেকে লোহা পড়ে এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। ওই বাংলাদেশির নাম মামুনুর রশীদ (৩১।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মানুনুর রশীদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার নগরকান্দা থানায়।নিহতের ভাগিনা মিরান হোসেন জানান, মামুনুর রশীদ ও তিনি একই সঙ্গে জাহেলির ‘দালাল’ নামে একটি ওয়ার্কশপ কোম্পানিতে কাজ করতেন।
প্রতিদিনের মত মঙ্গলবার সকালে কোম্পানিতে কর্মরত অবস্থায় ক্রেনের উপর থেকে ভারী লোহা তার ওপর পড়লে সে মারাত্মক জখম হয়। পরে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে তার মৃতদেহ লেবাননের স্থানীয় ওই হাসপাতালের মর্গে রাখা আছে।মামুনুর রশীদ ২০১৭ সালে কোম্পানির ভিসায় লেবাননে আসেন। দেশটিতে বৈধভাবে কাজ করছিলেন মামুনুর। পরিবারে তার মা-বাবা ও স্ত্রীসহ ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে তার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা বাংলাদেশ থেকে বৈরুত দূতাবাসের কাছে আকূল আবেদন জানিয়েছেন, যেন লাশ অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।




