যুক্তরাষ্ট্রে ১৬ সৌদি নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞা জারি
ডেস্ক রিপোর্ট।। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের ১৬ জন নাগরিকের উপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পেছনে তাদের ভূমিকা থাকায় সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেসটিভি এই খবর প্রকাশ করে। এদিকে জাতিসংঘ জামাল খাশোগি হত্যা মামলায় পরিচালিত বিচারিক কার্যক্রমের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষদূত অ্যাগনেজ ক্যাল্লামার্ড, পর্যবেক্ষকদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে জড়িতদের বিচার কাজ পরিচালনা করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান। এদিকে সৌদি আরবের বর্তমান বিচারিক প্রক্রিয়ায় সন্দেহভাজনদের বিচার করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেবে না বলেও তিনি সতর্ক করে দেন।
এর আগে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের নভেম্বরে সন্দেহমূলক ভাবে ১১জন ব্যক্তিকে আটক করে সৌদি প্রশাসন। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।




