রাস্তা থেকে তুলে তরুণ-তরুণীকে ক্লাবে আটকে রাখল তারা
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা স্টেডিয়াম এলাকায় তরুণ-তরুণীকে চার ঘণ্টা আটকে রেখে মারপিট ও টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় পলাশপোল এলাকার ‘পিকে ক্লাবের’ কিছু বখাটে এ ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার থেকে ওই তরুণ-তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ‘পিকে ক্লাবে’ আটকে রাখে বখাটেরা। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ‘পিকে ক্লাবে’ আটকে রাখা তরুণকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক সুমন শহরের পলাশপোল এলাকার মিজানুর রহমানের ছেলে ও বিল্লাল হোসেন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
উদ্ধার হওয়া তরুণী সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। তরুণীর সঙ্গে থাকা তরুণের নাম জানায়নি পুলিশ। তবে তারা দুইজন শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তরুণ-তরুণীকে তুলে নিয়ে ক্লাবের মধ্যে আটকে রাখে পলাশপোল ‘পিকে ক্লাবের’ কয়েকজন বখাটে। পরে ওই তরুণ-তরুণীকে মারপিট করে বখাটেরা। সেই সঙ্গে তরুণীকে কুপ্রস্তাব দেয়া হয়। তরুণীর কাছে ৩০ হাজার টাকা ও তরুণের কাছে ২০ হাজার টাকা দাবি করে বখাটেরা। এ সময় তরুণ-তরুণীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তারা।
মারপিটের পর দাবিকৃত টাকা নিয়ে আসার জন্য তরুণীকে ছেড়ে দেয় বখাটেরা। তবে তরুণকে আটকে রাখা হয়। পরে তরুণী সদর থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ এসে তরুণকে উদ্ধার করে। সেই সঙ্গে দুই বখাটেকে আটক করে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুুলিশের ডিউটি অফিসার মো. জাকির হোসেন কিছু বলতে রাজি হননি।তরুণকে ক্লাব থেকে উদ্ধার করা সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর কিশোর বলেন, তরুণ-তরুণীর বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ এনে ‘পিকে ক্লাবের’ কিছু বখাটে আটকে রেখেছিল।
তরুণ-তরুণীকে মারপিট করে আপত্তিকর ছবি তুলতে চেয়েছিল তারা। তাদের কাছ থেকে কিছু টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বখাটেরা। পরে তরুণী থানায় এসে ঘটনা জানালে ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেল ও তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি জরুরি কাজে যশোরে আছি।




