খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার গনভোট হলে ৫ ভাগ ভোটও পাবেন না প্রধানমন্ত্রী: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, হলরুমে বসে, প্রেস ক্লাবের সামনে ১০০ বছর গণঅনশন করেও এই সরকারের পতন সম্ভব না। ৭১ এর রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা বলেন, বাংলাদেশের যে অধঃপতন হয়েছে এর ১০০ ভাগের এক ভাগ অধঃপতন হবে জানলে এদেশ স্বাধীন করতাম না। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ৩০ তারিখের নির্বাচনে বিএনপি ঐক্যফ্রন্ট হারেনি, হেরেছে শেখ হাসিনার নেতৃত্ব। আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও খালেদা জিয়া এক হয়ে গেছে।
ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, আমার মনে হয় খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার গণভোট দেয়া হলে শেখ হাসিনা ৫ ভাগ ভোটও পাবেন না। তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। কাদের সিদ্দিকী বলেন, এই অবৈধ সরকারের কাছে মুক্তি চেয়ে মুক্তি পেলে সেটা হবে খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু।
তিনি বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে পাকিস্তানের সাথে যেরকম আলোচনায় বসেনি, ঠিক তেমনি বেগম জিয়া প্যারোলে মুক্তি না নিয়ে ইতিহাসে দ্বিতীয় বার নজির সৃষ্টি করবেন। কাদের সিদ্দিকী বলেন, যে বিচারক খালেদা জিয়াকে সাজা দিয়েছে তার বিচার একদিন জনগণের আদালতে হবে। ঐক্যফ্রন্টের ৭ দফার ১ম দফা খালেদা জিয়ার মুক্তি । সূত্র: আমােদর সময় ডট কম




