288193

চলে গেলেন আ.লীগের প্রতিষ্ঠাকালীন নেতা শেখ আব্দুল আজিজ

না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শেখ আব্দুল আজিজ। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আব্দুল আজিজের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। আওয়ামী লীগ হারিয়েছে দলের দীর্ঘদিনের একজন আদর্শবান-নিবেদিতপ্রাণ নেতাকে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শেখ আব্দুল আজিজের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

এক বিবৃতিতে তিনি মরহুম শেখ আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ শোক প্রকাশ করেছেন। প্রবীণ এ নেতার মৃত্যু সংবাদ পেয়ে গুলশানের বাসভবনে ছুটে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

ad

পাঠকের মতামত