রণবীরকে ক্রিকেটের কলাকৌশল শেখাচ্ছেন কপিল
বিনোদন ডেস্ক।। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের অধিনায়ক, কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেব। সেই কপিল দেবের কাছে ক্রিকেটের কলাকৌশল শিখচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এখন মনে প্রশ্ন জাগতেই পারে; তাহলে অভিনয় ছেড়ে তবে কি ক্রিকেটার হতে চলেছেন রণবীর সিং। এই সময় জানায়, ভারতের ধর্মশালায় রণবীর সিং ও তার দলকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন। তবে ঘটনা সত্যি মোটেও এমনটা নয়; সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়কের জীবন নিয়েই তৈরি হচ্ছে রণবীরের এই নতুন ছবি ‘৮৩।
বাস্তবের ঘটনা পর্দায় তুলে ধরার জন্য ‘এইটি থ্রি’ সিনেমার দলকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন। সেই সঙ্গে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক রণবীর সিংকে শেখাচ্ছেন কীভাবে কপিল দেব হতে হয়! কারণ, বড় পর্দায় কপিল দেব হবেন বলিউডে ছক্কা হাঁকানো তারকা রণবীর সিং। ‘এইটি থ্রি’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘বজরঙ্গি ভাইজান’–এর পরিচালক কবির খান। মে মাসে শুরু হচ্ছে এই চলচ্চিত্রের শুটিং। আর সে জন্যই এই প্রশিক্ষণ।
মহাসমারোহে সিনেমার অভিনয়শিল্পীদের ক্রিকেট শেখাচ্ছেন কপিল দেব আর তার দল। পর্দার কপিল দেবও তাই সেই সুযোগে ছবি তুলেছেন বাস্তবের কপিল দেবের সঙ্গে। শেষে সামাজিক যোগাযোগমাধ্যমের ছবির নিচে ক্যাপশন দিয়ে পোস্ট করে লেখেন, ‘কিংবদন্তি!’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘কপিল দেব, এইটি থ্রি দ্য ফিল্ম, যাত্রা শুরু হলো।’ এখানেই শেষ নয়। কাজটির সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করে পরিচালক কবির খানকে তা ট্যাগ করেছেন রণবীর সিং।
মুহূর্তেই এই ছবি ছড়িয়ে পড়ে। দর্শকদের চমকে দেওয়ার সব আয়োজন আছে এই চলচ্চিত্রে। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেট দলের অন্য সদস্যদের চরিত্রে কারা অভিনয় করছেন, সে ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এই চলচ্চিত্র নিয়ে তাই বলিউড আর ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উত্তেজনা এখন তুঙ্গে। সেখানে কিছুতেই ভাটা পড়তে দিতে চান না চলচ্চিত্রের পুরো দল। নির্মাতারা নাকি কাকে কোন চরিত্রে ঠিকঠাক মানাবে, সেটি বাছাই করতে একাধিকবার তন্ন তন্ন করে ঘেঁটেছেন পুরো বলিউড! বোঝা যাচ্ছে, নির্মাতারা বাস্তবের ক্রিকেট তারকাদের নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে একচুলও ছাড় দেবেন না।
নির্মাতারা আগেই ঘোষণা দিয়েছেন, এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের পুরো দল। ধারণা করা হচ্ছে, এই ছবিটা হবে বলিউডের ইতিহাসের খেলা নিয়ে অন্যতম বড় আয়োজনের চলচ্চিত্র। ২০২০ সালের ১০ এপ্রিল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট ভক্তদের জন্য ক্রিকেট ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি। এই বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে তেমন গুরুত্বপূর্ণ দল হিসেবে বিবেচনায় আনা হয়নি। কিন্তু ফাইনালে ভারতীয় দলের কাছে ৪৩ রানের ব্যবধানে নাটকীয়ভাবে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০২০ সালের ১০ এপ্রিল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।




