চার বছর পর মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক।। ঘর্মাক্ত শরীর। নেটে একটানা বোলিং করেছেন। এর পর ব্যাট হাতে নেমে পড়লেন। তার আগে বিসিবি একাডেমি মাঠে কথা হলো জাতীয় দলের বাঁহাতি পেসারের সঙ্গে। আড্ডাচ্ছলে বললেন, এখন ব্যাটিং না করলে কবে করব? এখনই তো সুযোগ! বাড়িতে ছিলাম। ওখানে অনুশীলনের মধ্য ছিলাম। তবে ওখানকার অনুশীলন আর এখানকার অনুশীলনের মধ্য অনেক পার্থক্য। তাই তো ঢাকায় ফিরেই মাঠে আসা। বোলিং করলাম। এখন ব্যাটিং। তিনি বোলার। তবে ব্যাটিংটাও বেশ ভালোই করতে পারেন।
তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন প্রতিপক্ষ দলের বোলার যত বড়মাপেরই হোক না কেন, তাকে ভয় পান না! যারা কাটার মাস্টারের ব্যাটিং দেখেছেন তারা এটিও দেখে থাকবেন যে, ছক্কা বেশ ভালোই মারতে পারেন মোস্তাফিজ। কিটসের মধ্য দুটা ব্যাট দেখা গেল। একটা ব্যাটের মাঝখানের কানায় ভাঙা। মোস্তাফিজ বললেন, ব্যাটিং ভালো পারব না। তা কি হয়। দেখতে হবে না কার ব্যাট দিয়ে খেলি। একটা তামিম ভাইয়ের। অন্যটা রোহিত শর্মার। কথা বলার মধ্যই নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। এবার ব্যাট হাতে চলে গেলেন নেটে। সেখানে আধাঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটিং অনুশীলন করলেন।
মোস্তাফিজের ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় ফেরার পরই তিনি চলে যান নিজ শহর সাতক্ষীরায়। এর পর হঠাৎ করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঢাকায় ফেরার পর দিনই মাঠে এসেছিলেন। তবে গতকাল আনুষ্ঠানিকভাবে নেটে বোলিং-ব্যাটিং অনুশীলন করলেন। কত বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবেন? স্মৃতির পাতা উল্টে মোস্তাফিজ ফিরে গেলেন অতীতে। বললেন, সম্ভবত চার বছর। জাতীয় দলের প্রতিভাবান এই পেসার ঠিকই বলেছেন।
২০১৪ সালের পর আবার প্রিমিয়ার লিগে ফিরছেন কাটার মাস্টার। প্রিমিয়ার লিগের পুরোটা সময় পাওয়া যাবে না জেনেও তাকে প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সবকিছু ঠিক থাকলে আজ মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন মোস্তাফিজ। আনুষ্ঠানিভাবে লিগের ম্যাচ নিয়ে কোনো কথা বলতে চাননি বাঁহাতি পেসার। তবে নিজেকে প্রস্তুত করার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
মোস্তাফিজ জানেন, ম্যাচ খেলার চেয়ে ভালো অনুশীলন আর কিছু হতে পারে না। পাশাপাশি ফিটনেস ঠিক রাখতেও এটি কাজে দেবে। আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে পারে বিসিবি। ক্যাম্প শুরুর কথা রয়েছে ২২ এপ্রিল। প্রিমিয়ার লিগে পারফরম্যান্স করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান মোস্তাফিজ। বিশ্বকাপে দলের জয়ে অবদান রাখতে চান এ পেসার। উৎস: দৈনিক আসাদের সময়




