বিরিয়ানির ভাগ নিয়ে মারামারি
মুজাফফরনগরে নির্বাচনী প্রচারণায় বিরিয়ানির ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে দেশটির বিরোধীদল কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, শনিবার নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই নির্বাচনী এক বৈঠকে বিরিয়ানি বণ্টন করেছে কংগ্রেস। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ৯ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে সাবেক বিধায়ক মাওলানা জামিলের বাসভবনে কংগ্রেসের নির্বাচনী বৈঠক আয়োজন করা হয়েছিল। উত্তরপ্রদেশের কাকরোলি থানার তাদহেদা গ্রামের এই নেতা সম্প্রতি কংগ্রেসে যোগদান করেন। বৈঠকের পর দুপুরের খাবারের জন্য বিরিয়ানি পরিবেশন করার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই বিরিয়ানি বণ্টন শুরু হলে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সহিংস হয়ে উঠা কংগ্রেস সমর্থকদের এলাকা থেকে তাড়িয়ে দেন। ভারতীয় দণ্ডবিধির আওতায় কংগ্রেস নেতা জামিল, তার ছেলে নাইম আহমদ-সহ অন্যান্য ৩৪ জনের নামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা দায়ের করেছে পুলিশ।




