টরেন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জন্মভূমি’
আরমান হোসেন টুটুল।। টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়াতে (আইএফএফএসএ) ফিচার চলচ্চিত্র ‘জন্মভূমি’ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামী ১৮ মে টরেন্টোর স্কারবরোতে সিনেপ্লেক্স ওডিওনে চলচ্চিত্রের প্রিমিয়ার হবে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে। পরিচালনা করেছেন প্রসূন রহমান।
জন্মভূমি চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভবতী ছিলেন এবং অনেকে মিয়ানমার আর্মি দ্বারা ধর্ষিত হন। বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেয়। তাদের এখন একটাই স্বপ্ন- নিজেদের জন্মভূমিতে ফিরে যাওয়া। এমন একটি গল্পেই নির্মিত হয়েছে ছবিটি।
এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।




