‘শাকিব খান ছাড়া কোন বিকল্প নেই, অথচ তাকে নিয়েও চলছে খেলা’
বিনোদন ডেস্ক।। বন্ধ হচ্ছে না সিনেমা হল- চলচ্চিত্রের জন্য সুখবরই বটে। দেশের সব সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থেকে পিছপা হয়েছে সিনেমা হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির নেতারা সম্প্রতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে হল বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেন। সংশ্লিষ্টদের মতে সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন ছুড়ছেন- হলে চালানোর মতো সিনেমা কই?
প্রশ্নটি নিজেও করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। সঙ্গে সঙ্গে তিনি আবার বলেন, বছরের তিন মাস শেষে, এখন চতুর্থ মাস চলছে। এখন পর্যন্ত এমন কোন ছবি আমরা হলে দিতে পারলাম না যা দেখার জন্য দর্শক হুমড়ি খেয়ে পরবে। দু একটি ছবি হয়তো চলছে কিন্তু সেটাকে চলা বলে না। এতে কারোই লাভ হয়নি।
এমন হচ্ছে কেন? প্রশ্নের জবাবে মধুমিতা সিনেমা হলের এই কর্ণধার বলেন, সত্যি বলতে শাকিব খানের কোন ছবি মুক্তি পায়নি বলেই আজ এই অবস্থা। তার ছবি যদি মুক্তি পেতো তবে সিনেমা ঠিকই চাঙ্গা থাকতো। সিনেমা হল দর্শক পূর্ণ থাকতো। শাকিব খানের শাহেনশাহ ছবিটি কবে আসবে যানি না। কিন্তু শুরুতেই আমি ১ লক্ষ টাকা দিয়ে এটি আমার হলের জন্য বুকিং দিয়ে রেখেছি। শাকিব খান ছাড়া কোন বিকল্প নেই। অথচ তাকে নিয়েও চলছে খেলা।
অনেক প্রযোজক-পরিচালক আমার কাছে এসে বলেন, দেখেন শাকিব খান এত এত টাকা পারিশ্রমিক চাচ্ছেন। আমি তো তাদের বলি, শাকিব খানকে ছবি প্রতি আপনাদের ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া উচিত। হি ডিজার্ব দিস। তিল তিল করে সে আজ এই পর্যায়ে এসেছে। তার ছবি মানে সুপারহিট। সবাই লাভবান হচ্ছে। তাহলে কেন তার পারিশ্রমিক নিয়ে কথা উঠবে। উৎস: ২৪বিনোদনবিডি।




