প্রীতির সবচেয়ে বেশি পছন্দ ক্রিস গেইল
স্পোর্টস ডেস্কঃ রুপালির পর্দার তারকাদের খেলার মাঠে বিচরণের খবর নতুন কিছু নয়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তারকাদের দেখা যায় হারহামেশাই। তার মধ্যে সবার উপরে থাকবেন শাহরুখ খান-প্রীতি জিনতা। দুজনের হাতেই রয়েছে দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আইপিএলের গ্যালারি মাতাতে তাদের দেখা যায় নিয়মিতই। ২০১৪ সালের আইপিএলে শাহরুখের কলকাতা ও প্রীতির পাঞ্জাব মুখোমুখী হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন বলিউডের বাদশাই। প্রীতির লক্ষ্য এবার ট্রফি জেতা, তিনি জানালেন তার পছন্দের খেলোয়াড়ের নামও।
কিংস ইলেভেন পাঞ্জাবের ড্রেসিংরুমে সবচেয়ে মজার মানুষ কে জানতে চাইলে প্রীতি বলেন, ‘আমার সবচেয়ে পছন্দের ক্রিস গেইল। যে ভাবে ও চলে, যে ভাবে খেলে, দলের তরুণদের সঙ্গে যে ভাবে মেশে, ও সত্যিকারের একজন সুপারস্টার। ভীষণ বিনয়ী। সময় মেনে চলে। একই সঙ্গে মজার মানুষও।’ এবারের আইপিএল নিলামের শেষ দিকে গেইলকে কিনেছিল পাঞ্জাব। তার উপর আস্থা রাখার প্রতিদানও দিয়েছেন প্রথম তিন ম্যাচে। পাঞ্জাবের শেষ ম্যাচটি ইনজুরির জন্য খেলতে পারেননি। প্রথম তিন ম্যাচে গেইলের ব্যাট থেকে আসে ১৭৯ রান।
প্রীতির আশা এবারের ট্রফি জয়। তিনি বলেন, ‘আমি ট্রফিটা জিততে চাই। বিশেষ করে আমাদের পাঞ্জাবের সমর্থকদের জন্য। যেখানকার মানুষদের মন খুব বড়। আমাদের সমর্থকদের এটা পাওনা। আশা করি এ বার আমরা ট্রফিটা জিতব।’ চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। জ্বলে উঠতে হবে তারকা খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হতে হলে পাঞ্জাবকে পাড়ি দিতে হবে বহুদূর।




