286942

হাফিজের মতে বিশ্বকাপে হট ফেবারিট তিন দল

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেছেন, এবারের বিশ্বকাপের হট ফেবারটি দল পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ড। আর এই তিন দলের মধ্য থেকে কোনো একটি দলই বিশ্বকাপ জিতবে। সীমান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের। আইসিসি ইভেন্টে দেখা হয় দুই দেশের। এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হাফিজ বলেন, ‘সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যেভাবে ভারতকে হারিয়েছে, বিশ্বকাপেও একই কায়দায় হারাবে। আমরা বিশ্বাস ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

বিশ্বকাপের ফেবারিট দল নিয়ে ২০১২-১৩ মৌসুমে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পাওয়া হাফিজ বলেন, ক্রিকেটীয় বিশ্লেষণ করলে আমার মনে হয় এবারের বিশ্বকাপের হট ফেবারিট দল তিনটি। তার মধ্যে পাকিস্তানও আছে। সম্প্রতি পাকিস্তানের টিভি চ্যানেল জিয়োটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইংল্যান্ডের ঘরের মাঠে খেলা। তাছাড়া সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে ইংলিশরা। বিশ্বকাপ ট্রফি জয়ের সুযোগ রয়েছে ইংল্যান্ডের।

আর পাকিস্তান এখন অনেক ব্যালেন্স টিম। আশা করছি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই আমরা সেরাটা দিতে পারব। পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ বলেন, এবার বিশ্বকাপ ইংল্যান্ডে হলেও পাকিস্তানের ব্যাপক সমর্থক থাকবে। আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন, আমাদের প্রচুর সমর্থক থাকে। আর সমর্থকের কারণেই আমরা ভালো খেলার উৎসাহ পাই।হাফিজ আরও বলেন, আমি যখনই ভারত-পাকিস্তান ম্যাচে খেলেছি তখন অনেক সমর্থন পেয়েছি। আশা করছি এবারের বিশ্বকাপেও সেই সমর্থন পাব।

অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রামে ছিলেন পাকিস্তান দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। গত দুটি বিশ্বকাপ খেলা পাকিস্তানের এই টপঅর্ডার ব্যাটসম্যান আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায়। সবার আগে বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করে নিউজিল্যান্ড। বাকি দলগুলো আগামী ২৩ মার্সের মধ্যে দল চূড়ান্ত করবে। হাফিজের বিশ্বাস বিশ্বকাপের এবারের আসরে তিনি দলে সুযোগ পাবেন। তিনি বলেন, ‘আমি গত দুটো বিশ্বকাপ খেলেছি। আশা করছি এবার তৃতীয় বিশ্বকাপ খেলতে পারব। দলে সুযোগ পেলে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব।

প্রসঙ্গত বিশ্বকাপের গত ১১ আসরে তিনবার ফাইনালে খেলে ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে হেরে ট্রফির আক্ষেপ গোছাতে পারেননি ইংলিশরা। অন্যদিকে ভারত তিনবার ফাইনালে খেলে দুইবার শিরোপা নিজেদের করে নেয়। আর পাকিস্তান দুবার ফাইনালে খেলে। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ী দলটি, ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়।

ad

পাঠকের মতামত