এক মঞ্চে পারফর্ম করবে শাকিব-অপু
বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি ছিল শাকিব-অপু। বেশ অনেক দিন হলো আর তাদের এক সঙ্গে কোন ছবিতে কিংবা অনুষ্ঠানে দেখা যায় না। শাকিব-অপু ভক্তদের জন্য সুখবর হলো এবার এক মঞ্চে এই দুই জনপ্রিয় তারকাকে দেখা যাবে। শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)- এর সুবর্ণ জয়ন্তী। আর এই সুবর্ণ জয়ন্তী ঘিরে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। সংগঠনটির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিগত পাঁচ বছরের পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন বাচসাসের সভাপতি আবদুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতাবেন ঢাকাই চলচ্চিত্রের কুইন অপু বিশ্বাস। মোট তিনটি গানে পারফর্ম করবেন অপু। অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ। এদিকে শাকিব খানকে দেয়া হবে সত্তা চলচ্চিত্রের জন্য পুরস্কার। পাশাপাশি শাকিব খানের পারর্ফম করারো কথা রয়েছে।
সন্ধ্যা ৬টায় নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে বাচসাস চলচ্চিত্র পুরস্কার বিতরণের ৩৯তম আসর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ১৯৭৪ সালে বাচসাস স্বাধীন বাংলাদেশে প্রথম চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদান শুরু করে। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। নানা কারণে গত পাঁচ বছর বাচসাস পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের পুরস্কার একসঙ্গে প্রদান করা হবে।




