বেঁচে থেকেও ভোটার তালিকায় তিনি মৃত!
দিব্যি বেঁচে আছেন তিনি। জঙ্গল নয়, থাকেন লোকালয়ে। সমাজের মানুষের সাথে। সমাজের মানুষের চোখে সব কিছু ঠিক থাকলেও গোলযোগ বেঁধেছে অন্যখানে। পৃথিবীর আলো বাতাসে তিনি জীবত থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত। একি জ্বালা! ভোট দেয়া না দেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। কিন্তু তিনি তো নিজে চাইলেও কোনো নির্বাচনে ভোট দিতে পারেন না।
উপায়ন্ত না পেয়ে নিজের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেছেন। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জীবিত থেকেও ভোটার তালিকা অনুযায় মৃত এই ভোটারের নাম বিশ্বনাথ মোদক। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মৃত গৌর মোদকের ছেলে।
ভূক্তভোগী বিশ্বনাথ মোদক জানান, তিনি ব্যবসায়িক সূত্রে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় স্ত্রী নিয়ে অস্থায়ীভাবে বসবাস করেন। তিনি বলেন, আমার মায়ের দেখাশোনার জন্য স্থায়ী বাসস্থান দিলালপুরে মাঝে মধ্যেই আসতে হয়। আমার স্থায়ী ঠিকানার সূত্রে আমি বালিয়াকান্দি উপজেলার ৩নং নবাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিলালপুর ভোটার এলাকার একজন ভোটার। আমার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৭৪৮২১০৭৯৫৭৬৩৩৬৮, ভোটার নম্বর- ৮২০৬১৮৭৬৩৩৬৮।
কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে দেখতে পারলাম ভোটার তালিকায় আমার নাম কর্তন করা হয়েছে। নির্বাচন অফিসের সার্ভারে এনআইডি নম্বর দিয়ে সার্চ দিলে আমার স্ট্যাটাস মৃত দেখায়। তিনি অভিযোগ করেন, আমি জীবিত থাকার পরেও আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে। বিষয়টি মানবিক ভাবে নিয়ে বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক হিসেবে তাকে ভোটার তালিকায় পুনরায় নাম অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন জানান, বিশ্বনাথ মোদকসহ এরকম আরো ৩জনের ৩টি আবেদন পেয়েছি। জেলা নির্বাচন অফিসারের সাথে আলোচনা করে তাদের আবেদন ঢাকায় পাঠানো হবে। সূত্র: নয়া দিগন্ত




