রহস্যেঘেরা দেখা মিলল চঞ্চল-মিমের (ভিডিও)
বিনোদন প্রতিবেদকঃ ওয়েব সিরিজ ‘নীল দরজা’ শুরু থেকেই রহস্যেঘেরা। ছবির পোস্টারে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম হাজির হন বোরকা পরিহিত অবস্থায়। অনেকের মনে প্রশ্ন উঠে, তবে কি চঞ্চলকে ‘আয়নাবাজি’র মতো কোনো চরিত্রে আবারও দেখা যাবে। বিষয়টি এখনও ধোঁয়াশায় রেখেছেন ‘নীল দরজা’র নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
তবে এবার প্রকাশ্যে এল ‘নীল দরজা’র ট্রেলার। ২ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে, বৃদ্ধ রূপে স্টেশনে নামেন চঞ্চল চৌধুরী। খুঁজতে থাকেন কোনো একটি ঠিকানা। অন্যদিকে দেখা যায়, লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকছেন বিদ্যা সিনহা মিম। ভিডিও’র একপর্যায়ে চঞ্চল ফিরে আসে, আসল রূপে। প্রকাশিত ট্রেলারেও নির্মাতা রহস্যের জটলা খুলেননি।
ওয়েব সিরিজে মির্জা চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল আর তাবাস্সুম চরিত্রে আছেন মিম। গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, এ বি এম সুমনসহ অনেকে। আলফা আই মিডিয়া লিমিটেডের ব্যানারে ‘নীল দরজা’ খুব শিগগিরই মুক্তি পাবে বায়োস্কোপ অরিজিনালে।
https://www.facebook.com/bioscopelive/videos/343886406252103/?t=0




