আন্দোলন স্থগিত করো, কাল বৈঠকে সব কথা শুনব : ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী
নিউজ ডেস্ক।। ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ডিম নিক্ষেপসহ হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী।
তিনি বলেন, তোমাদের কথা শুনতে এসেছি, তোমরা লিখিত অভিযোগ দাও। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলন স্থগিত করে হলে ফিরে যেতে বলেন প্রক্টর গোলাম রাব্বানী। এ বিষয়ে আজ বৈঠকে বসবেন বলে কথা দেন তিনি। সেখানেই সব কথা শোনা হবে বলে জানান প্রক্টর।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ৪৩ হাজার ছাত্রছাত্রীর নির্বাচিত ভিপির ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। ছাত্রদের গায়ে হাত তোলা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এর চেয়ে বড় প্রমাণ আর কী চান? তারা বলেন, বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা থেকে আন্দোলনে থাকলেও ভিসি স্যার কেন আসেননি।
এ সময় প্রক্টর বলেন, তার প্রতিনিধি হয়ে আমি এসেছি। তোমরা আন্দোলন স্থগিত করো। কাল আমরা বৈঠকে বসে সব কথা শুনব। কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ। উৎস: কালের কণ্ঠ।




