ডেমরায় সড়কে আগুন জ্বালিয়ে ফের অবরোধ
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনে ফের ৬ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা।মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে রাজধানীর ডেমরায় বুধবার ফের ভোর থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।এ সময় ডেমরার দুই পাটকলের হাজার হাজার মহিলা ও পরুষ শ্রমিকরা রাস্তায় গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে বিক্ষোভ করেন। পরবর্তীতে তারা রাস্তায় টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা ও শিমরাইল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কে চলাচলকারী লাখো যাত্রী সাধারণ ও যানবাহন চালকরা।এছাড়াও রোগীরা দীর্ঘ যানজটে আটকা পড়েন। তবে অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের গাড়ি ছেড়ে দিয়েছেন শ্রমিকরা।
এদিকে যানজটে আটকেপড়া শিক্ষার্থীদের হেঁটে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়েছে। এ সময় ডেমরা ও আশপাশের এলাকার কর্মজীবী ও অফিসগামী লাখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে জানতে চাইলে করিম জুট মিলের মহাব্যবস্থাপক এএসএম মামুন-উর-রহমান বলেন, শ্রমিকদের মজুরি কমিশনের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে শ্রমিকরা রাস্তায় নামার কথা নয়। তবে একটি কুচক্রীমহল নানা কৌশলী অপ্রপ্রচার চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করেছে। এতে মিথ্যা অপপ্রচারকে কেন্দ্র করে কিছু শ্রমিক করিম জুট মিলের ভেতরে এসে অন্তত ১০ জন কর্মকর্তাকে হতাহত করেছে।
উল্লেখ্য, সারা দেশের পাটকলগুলোর মতো মঙ্গলবার ভোর ৬টা থেকে উৎপাদন বন্ধ রেখে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করছেন ডেমরার রাষ্ট্রায়ত্ত দুই পাটকল। এ কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।




