286056

‘আঘাত করেছি পাকিস্তানে, ব্যথা লেগেছে দিদির’

ভারতে লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার কলকাতার ব্রিগেড ময়দানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন। বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় বাগডোগরা বিমানবন্দরে নামেন মোদি। সেখান থেকে কাওয়াখালিতে নির্বাচনী সভায় এসে উপস্থিত হন। সকাল থেকেই অগণিত সমর্থক সভায় এসে হাজির হয়েছেন। মঞ্চে উঠতেই ‘মোদি…মোদি’স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। এই সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোদি।

তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেন,‘বালাকোটে ঘরে ঢুকে জঙ্গিদের মারা হয়েছে। আপনারা খুশি হয়েছেন তো? বুকের ছাতি চওড়া হয়েছে তো? মাথা উঁচু হয়েছে তো? কাঁদার কথা কাদের আর কারা কাঁদছেন! চোট ওখানে লেগেছে, তোমাদের ব্যথা হচ্ছে কেন? কলকাতায় বসে দিদির যতটা ব্যথা হয়েছে, এতটা ইসলামাবাদ বা লাহোরের হয়নি। মোদি বিরোধী দলীয় নেতা রাহুল ও তার দলের সমালোচনা করে বলেন, ‘কংগ্রেস দেশের সেনাকে বিশ্বাস করে না, তারা দেশের আইনে বিশ্বাস করেনা। বাম, কংগ্রেস, মমতা দিদি সবাই একই মুদ্রার বিভিন্ন দিক ‘

নিজেকে চৌকিদার উল্লেখ করে তিনি বলেন, ‘চৌকিদার পশ্চিমবঙ্গে কাজ করতে চায়। গ্রামে গ্রামে গ্যাস দেওয়ার কাজ আমরা দ্রুত করছি। বিদ্যুত্ পৌঁছে যাবে। সকলের জন্য বাড়ি, শৌচাগার হবে। আপানাদের ভালবাসা দিদির ঘুম ছুটিয়ে দেবে। বাংলার মানুষ আমাকে ভালবাসা দিয়েছে, আমি মাথা নত করে প্রণাম করি।’ ‘কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। কিন্তু দিদি স্পিড ব্রেকার। তিনি উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন। দিদি ৭০ লাখের বেশি কৃষক পরিবারের উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন। স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি।’

মমতাকে সরাসরি আক্রমণ করে মোদি বলেন, ‘দিদির সরকার গবিরদের লুট করেছে। দিদি গরিবের পক্ষে নেই। গরিবি খতম হলে দিদির রাজনীতি শেষ হয়ে যাবে। যে গতিতে দেশের অন্য রাজ্যে কাজ করেছি, এ রাজ্যে সেই গতিতে কাজ হয়নি। এর কারণ কি জানেন? আপনারা ঠিকই বুঝেছেন। পশ্চিমবঙ্গে এক স্পিডব্রেকার আছে। এখানকার লোক তাকে দিদি বলে জানেন। আপনাদের উন্নয়নের স্পিডব্রেকার হচ্ছেন দিদি।’ এ বারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। বাংলা থেকে যত বেশি সম্ভব আসন নিজেদের দখলে রাখার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় কর্মীদের চাঙ্গা করবে মোদির এই প্রাক-নির্বাচনী সভা। সূত্র: আনন্দবাজার

ad

পাঠকের মতামত