285707

স্বামী হত্যায় ভাই জড়িত বলে দাবি ছাত্রলীগ নেতা লিমনের স্ত্রীর

রূপা আক্তার। বয়স এখনও ২০। ৪ মাসের অন্তঃসত্ত্বা। এরই মাঝে হারিয়েছেন স্বামীকে। রূপার দাবি তার স্বামী মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর এই খুনের সাথে রূপার ভাই আসিফ জড়িত। স্বামী হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে লিমনের পরিবার।

সংবাদ সম্মেলনে নিহত ছাত্রলীগ নেতা লিমনের সন্তান সম্ভবা স্ত্রী রূপা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন,‘আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ কি হবে? কে ওকে আদর করবে? আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের সাথে অনেকেই জড়িত। এর আগে বিভিন্ন সময় লিমনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সেসব হুমকির কলরেকর্ডও আছে। এরপরও হত্যাকান্ডের ১০দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত লিমনের বাবা বাবুল মজুমদার। তিনি বলেন,‘আমরা ১১জনের নাম উল্লেখ করে কোর্টে একটি মামলা দায়ের করেছি। পুলিশ রহস্যজনক কারণে কাউকে আটক করতে পারেনি। তদন্ত কাজেও তাদের ধীরগতি। আমরা চাই মামলার তদন্ত সিআইডি করুক।’ এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন,‘পুলিশ তদন্ত করছে। তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না। তবে খুনিরা পুলিশের নজরদারিতে আছে।’উল্লেখ্য, মাদারীপুর শহরের একটি নির্মাণনাধীন ভবন থেকে গত ২৫ মার্চ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারের লাশ উদ্ধার করা হয়।

ad

পাঠকের মতামত