বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে আইসিসির বিশেষ টুইট
স্পোর্টস ডেস্ক: ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। আসন্ন বিশ্বকাপের আগে প্রত্যেক দলগুলো নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। বড় বড় দলের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা আলোচনা করছেন।ভারত-অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোও এখন বাংলাদেশকে ব্যাপক সমীহ করে। বিশেষ করে বিগত বছরগুলোতে সাকিব-তামিম-মুশফিক-মোস্তাফিজদের নৈপুণ্য দেখেছে ক্রিকেট বিশ্ব।মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে নিয়ে টুইট করেছে। আইসিসির অফিসিয়াল পেজে ইংল্যান্ডকে হারানোর সেই ভিডিওচিত্র আপলোড করা হয়।
সবশেষ ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো ফেবারিট দলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। রুদ্ধশ্বাস ওই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানের নাটকীয় জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।অ্যাডিলেইড ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে ৭ উইকেটে ২৭৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন মাহমুদউল্লাহ। টার্গেট তাড়া করতে নেমে ৪৮ ওভারে ৮ উইকেটে ২৬০ সংগ্রহ করে জয়ের অপেক্ষায় ছিল ইংল্যান্ড।
শেষ ১২ বলে ইংলিশদের প্রয়োজন ছিল মাত্র ১৬ রান। ৪০ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ক্রিস ওকস। কিন্তু শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ৪৯তম ওভারে বোলিংয়ে এসে রুবেল হোসেন প্রথম বলেই স্টুয়ার্ড ব্রোডকে বোল্ড করেন। দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি নতুন ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। ঠিক পরের বলে অ্যান্ডারসনকে বোল্ড করে অনবদ্য জয় পায় বাংলাদেশ।
সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেছে আইসিসি। ওই টুইটে সংযুক্ত করা ছবিতে দেখা যাচ্ছে, মাশরাফির নেতৃত্বে ক্রিকেটাররা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন।নাসিরের দুই হাতে ওড়ানো পতাকা সেদিন বাংলাদেশকে যেন নতুনভাবে বিশ্ব ক্রিকেটে জানান দিচ্ছিল। আইসিসির ওই টুইটের প্রতিক্রিয়ায় রিটুইটে অনেকেই বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানান।আবার অনেকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের রোহিত শর্মার ধরা বিতর্কিত ক্যাচটির কথা স্মরণ করিয়ে দেন।




