‘মুসলিম নারীদের নিয়ে এত চিন্তা, নিজের স্ত্রীকে কী দিয়েছেন মোদি!’
ভারতের লোকসভা নির্বাচন সামনেই। নির্বাচনকে সামনে রেখে নিজেদের অর্জনের ঝাঁপি খুলে বসেছে ক্ষমতাসীন দল বিজেপি। কিন্তু তাতে ছেড়ে কথা বলছে না অন্য দলগুলোও। এবার তিন তালাক নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার হায়দরাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে নির্বাচনী সভা করেন মোদি। সেখানে তিনি তিন তালাক প্রসঙ্গ টেনে বলেন, ‘তিন তালাক বিল যখন পাস হল, তখন কম কথা শুনতে হয়নি আমাকে। তিন তালাক নিয়ে এখনো আতঙ্কে রয়েছেন যে নারীরা, তাদের কাছে আমার আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন। এই ধরনের ভয়ঙ্কর প্রথা থেকে আপনাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।
তার এ বক্তব্যে ক্ষিপ্ত হয়ে মোদিকেই আক্রমণের বস্তু বানিয়ে ফেলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর নেতা আকবরউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘মুসলিম মহিলাদের নিয়ে এত চিন্তা মোদীর। নিজের স্ত্রীকে প্রাপ্য অধিকার দিয়েছেন কি তিনি? প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তিনি বলেন, মুসলিম বোন ও মেয়েদের বিবাহ বিচ্ছেদ নিয়ে বড্ড চিন্তা দেখছি আপনার। কিন্তু আপনি নিজের স্ত্রীকে তাঁর প্রাপ্য অধিকারটুকু কি দিয়েছিলেন?
এ সময় মহাকাশে স্যাটেলাইট ধ্বংসকারী মিশন শক্তির কথা তুলেও মোদিকে ঠাট্টা করেন আকবর। তিনি বলেন, মোদী বোধহয় ভুলে যাচ্ছেন যে, হায়দরাবাদের এই ওল্ড সিটিতেই ডিআরডিওর দফতর। এখান থেকেই স্যাটেলাইট ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে। পরক্ষণেই তিনি বলেন, ‘চা-ওয়ালা’ থেকে ‘চৌকিদার’ হয়েছেন মোদী। তার পক্ষে এতকিছু জানা সম্ভব নয়।




