গেইল ছাড়া খেলতে নামা পাঞ্জাব বড় পুঁজি পেল না
স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলের মতো মারকুটে ওপেনারকে ছাড়াই খেলতে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে এ জন্য ভুগতেও হচ্ছে তাদের। মোহালিতে ঘরের মাঠে ৯ উইকেটে ১৬৬ রানের পুঁজি পেয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দল। অর্থাৎ জিততে হলে দিল্লি ক্যাপিটালসকে করতে হবে ১৬৭ রান।
কিংস ইলেভেন পাঞ্জাব শুরুটা করেছিল ঝড়ো গতিতে। তবে উইকেটও হারাতে হয়েছে তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান লোকেশ রাহুল (১১ বলে ১৫)। ছোটখাটো ঝড় তুলে (১০ বলে ২০) সাজঘরের পথ ধরেন প্রমোশন পেয়ে ওপেনিংয়ে নামা স্যাম কুরানও। এরপর ৬ রানে রানআউটের কবলে পড়েন মায়াঙ্ক আগারওয়েল।
তবে চতুর্থ উইকেটে সরফরাজ খান আর ডেভিড মিলার ৬২ রান যোগ করেন। ২৯ বলে ৬ বাউন্ডারিতে ৩৯ রান করে সরফরাজ শিকার হন সন্দীপ লামিচানের। দলকে এগিয়ে নিচ্ছিলেন মিলার। ৩০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৩ রান করা এই ব্যাটসম্যানকে উইকেটের পেছনে ক্যাচ বানান ক্রিস মরিস।
পরের সময়টায় আর সেভাবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা, বরং একটার পর একটা উইকেট হারিয়েছে দলটি। একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে যাওয়া মানদ্বীপ সিং ২১ বলে করেন অপরাজিত ২৯ রান। দিল্লি ক্যাপিটালসের ক্রিস মরিস নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার কাগিসো রাবাদা আর সন্দীপ লামিচানের।




