284964

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া

নিউজ ডেস্ক।। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা ৪১ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। পরে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লকের ৫ তলায় নেওয়া হয়। এর আগে সকালের দিকে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে বেলা ১২টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে রওনা হয় গাড়িবহর।

হাসপাতালে খালেদা জিয়ার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এর আগে সকালের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। ’ এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।

গত এক বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বিশেষ সেলে বন্দী রয়েছেন খালেদা জিয়া। এর আগেও তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিয়েছেন। তবে গত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও ওই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হচ্ছিলেন না খালেদা জিয়া। তিনি ও তার দলের দাবি ছিল, বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার। কিন্তু সরকার রাজি হয়নি। শেষ পর্যন্ত সেই বিএসএমএমইউতেই চিকিৎসা নিতে ভর্তি হলেন খালেদা জিয়া।

ad

পাঠকের মতামত