ভয় পেয়েছিলেন মিরাজ বিয়ে করতে যেয়ে
স্পোর্টস ডেস্ক।। আসন্ন আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট বলে অবদান রাখতে চান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনে ভাল করা চ্যালেঞ্জিং হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য তার। বিয়ের পর মিরাজ প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, স্লগ ওভার কাজে লাগাতে ব্যাটিংয়েও বাড়তি সময় দিচ্ছেন। মিরাজের স্ত্রী শুরুতে ক্রিকেট খুব একটা না বুঝলেও, এখন সহধর্মিণীর কাছ থেকে ভাল উৎসাহ পান বলেও জানান তিনি।
বিয়ের পর থেকে অভিনন্দনে ভাসছেন। ম্যাচে কি অনুশীলনে। সতীর্থদের শুভকামনায় সিক্ত জাতীয় দলের কনিষ্ঠ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিয়ের পর প্রথমবার মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের।
কমতি নেই সংবাদমাধ্যমের আগ্রহেরও। আলোচনার শুরুটা হলো বিয়ে দিয়েই। দীর্ঘ দিনের প্রেমের পরিনতি বিয়ে। সতীর্থ আর পরিবারের সমর্থন ছিল কেমন। হাসি মুখেই উত্তর দিলেন এই অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ক্রিকেট আগে তেমন বুঝত না এখন ভালই বুঝে। আমাকে সে সব ধরনের সাপোর্ট দিচ্ছে। আমার মধ্যে একটা ভয় কাজ করছিল। বিয়েটা করবো সবাই কিভাবে নিবে। কিন্তু সবাই প্রশংসা করায় খুব ভাল লাগছে।’
সামনে বিশ্বকাপ এর আগে টাইগারদের আয়ারল্যান্ড সফর। তাই ঘুরে ফিরে আলোচনায় আসলো আসন্ন দুই টুর্নামেন্ট। স্পিনার হিসেবে আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ডে ভালো করাটা চ্যালেঞ্জিং। কঠিন হলেও, ভাল করতে কাজ করছেন। পরিকল্পনা, নিয়ন্ত্রিত বোলিংয়ের।
বয়স ভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডারের ভূমিকা পালন করলেও, জাতীয় দলে তার আবির্ভাব স্পিনার হিসেবে। তবে সম্প্রতি ব্যাট হতে খুব একটা অবদান রাখতে পারছেন না খুলনার এই ক্রিকেটার। তবে বিশ্বকাপ সামনে রেখে আলাদা সময় দিচ্ছেন ব্যাট হাতে। সবকিছুর আগে মিরাজ এখন মনযোগী প্রিমিয়ার লিগ নিয়ে। ভুলগুলো শুধরে নিতে এই সময়টা কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। উৎস: সময়টিভি।




