বাংলাদেশে কেন আসছে না ওয়েস্ট ইন্ডিজ?
স্পোর্টস ডেস্ক: আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সফরে আসছে না ক্যারিবীয় যুব দল।সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেন।এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে কেন আসছে না ওয়েস্ট ইন্ডিজ দল।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আসলে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু অভ্যন্তরীণ বিষয়ের কারণে তারা এই মুহূর্তে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে। শুধু বাংলাদেশই না, বিভিন্ন দেশেই তাদের বেশ কয়েকটি সফর নিয়েই তারা আলোচনা করছে। চূড়ান্ত হয়নি কোনোটি।সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। হয়ত সে কারণেই বাংলাদেশ সফর বাতিলের কথা ভাবছে তারা।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, একেক সময় একেকটা বোর্ডের খারাপ সময় আসতেই পারে। অনেক বোর্ডের ক্ষেত্রেই এমন হয়েছে।গত বছর বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল, তখনও সিরিজ আয়োজনে নানা সীমাবদ্ধতার কথা তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজের এই আর্থিক সমস্যা নতুন নয়। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের আর্থিক ঝামেলার কারণে ভারত সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেন ক্রিকেটাররা। যে কারণে জাতীয় দল থেকেই বাদ পড়েন অধিনায়ক ডোয়াইন ব্রাভো।
সেই ঘটনার পর ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং বোর্ডের সমালোচনা করে বলেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমন একটি প্রতিষ্ঠানের অধীনস্থ কর্মীরা যাকে পছন্দ করে না।কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেছিলেন ক্যারিবীয় ক্রিকেটে চলছে ‘অপশাসন’।এখনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সেই আর্থিক সমস্যা রয়ে গেছে। যে কারণেই হয়ত বাংলাদেশ সফরে আসছে না ক্যারিবীয় যুব দল।




