285016

হঠাৎ বিদ্যালয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী, অনুপস্থিত প্রধান শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি: হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গিয়ে দেখেন স্কুলে প্রধান শিক্ষক উপস্থিত নেই। তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রীর নির্দেশে সেই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রোববার আকস্মিকভাবে সেখানে পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম হাজিরা খাতায় স্বাক্ষর করে ছুটি ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়াও রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাকির।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো নিমার্ণসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তাই কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনায় কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। রৌমারী উপজেলা শিক্ষা কর্মকতা নজরুল ইসলাম বলেন, ছুটি ছাড়া বিদ্যালয়ে উপস্থিত না থাকায় বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মিকাইল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) শহীদ সোওয়ারর্দী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মো. আবু হানিফ মাস্টার প্রমুখ।

ad

পাঠকের মতামত