সৌদি আরব বেজসের ফোন হ্যাক করে তথ্য চুরি করেছে
ডেস্ক রিপোর্ট।। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজসের ফোন হ্যাক করে সৌদি আরব সেটির তথ্য চুরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক তদন্তকারী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রোববার জানায়, গ্যাভিন ডি বেকারকে বেজস ভাড়া করেন তার ব্যক্তিগত মেসেজ কিভাবে মার্কিন ট্যাবলয়েড পত্রিকা ন্যাশনাল ইনকোয়ারারে প্রকাশ পেল তা জানার জন্য।
ডি বেকার বলছেন, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্টের খবর প্রকাশের সঙ্গে বেজোসের ফোন হ্যাকের সম্পর্ক রয়েছে। তবে সৌদি আরব এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজস ওয়াশিংটন পোস্টেরও মালিক। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা সৌদি সাংবাদিক খাসোগি ওই পত্রিকায় কলাম লিখতেন।
ডি বেকার জানান, তিনি তার অনুসন্ধানে পাওয়া সব তথ্য মার্কিন কর্তৃপক্ষকে জমা দিয়েছেন। ডেইলি বিস্ট ওয়েবসাইটে তিনি লেখেন, ‘আমাদের তদন্ত কর্মকর্তা এবং কয়েকজন বিশেষজ্ঞ নিশ্চিত হয়েছেন সৌদি সরকার বেজসের ফোন হ্যাক করেছে এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে।’ আগে, বেজস ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল ইনকোয়ারারের মূল প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইঙ্কের (এএমআই) বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনেন। এরপরই ডি বেকারের তদন্তে জানা গেল এএমআই বেজসের ফোন হ্যাক করেনি।
‘কিছু মার্কিনি জেনে অবাক হবে যে, সৌদি সরকার গত অক্টোবর মাসে জেফ বেজসের ক্ষতি করতে চেয়েছিল। ওই সময়ে পোস্ট বিরামহীনভাবে খাসোগি হত্যার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছিল,’ বলেন বেকার। ‘এমবিএস যে ওয়াশিংটন পোস্টকে অন্যতম শত্রু বিবেচনা করে এটা পরিষ্কার’, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।
মার্কিন কর্মকর্তারা বলছেন, খাসোগিকে হত্যার নির্দেশ সৌদি যুবরাজই দিয়েছিলেন। কিন্তু, সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করে আসছে। খাসোগি হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি। কিন্তু, তা সত্ত্বেও ট্রাম্পের প্রশাসন সৌদি বা এমবিএসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকার করেছে।




