285115

সতর্ক থাকুন, আজ রাতে হতে পারে আবার কালবৈশাখী!

নিউজ ডেস্ক।। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ১ এপ্রিল, সোমবার রাতে আবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়ছে। এর আগে রবিবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে গাছ উপড়ে রাজধানীতে হতাহতের ঘটনাও ঘটেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে পরবর্তী ৯ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘ঢাকা ছাড়াও রাজশাহী, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এই সময়ে এ ধরনের কালবৈশাখী হয়ে থাকে। এটা স্বাভাবিক।’

‘পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় তাপীয় লঘুচাপ সৃষ্টি হয়। এই লঘুচাপ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হয়। ধীরে ধীরে তা দেশের মধ্যাঞ্চল পেরিয়ে পূর্বাঞ্চলে গিয়ে শেষ হয়। সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এসব অঞ্চল দিয়ে এই লঘুচাপ বের হয়ে যায়।’ ‘এ সময় সমুদ্র থেকে প্রচুর পরিমাণ আর্দ্রতা স্থলভাগে প্রবেশ করে। তাপীয় লঘুচাপ ও আর্দ্রতা মিলে বজ্রমেঘ তৈরি হয় আর বজ্রমেঘ থেকে তৈরি হয় বজ্রঝড়, এটিকেই আমরা কালবৈশাখী বলি,’ বলেন আরিফ। এ প্রবণতা মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

ad

পাঠকের মতামত