চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের হাস্যজ্জ্বল ছবি ভাইরাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে তার বাইপাস সার্জারি হয়েছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের একটি হাস্যজ্জ্বল ছবি আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে তার চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসের রিজভীসহ আরেকজনকেও হাসি মুখে দেখা গেছে। এটি সুস্থতার অনেকটা বহিঃপ্রকাশ। তবে ছবির তৃতীয় ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।




