বালা হত্যা মামলায় মহিলা লীগ নেত্রীসহ গ্রেফতার ৫
নিউজ ডেস্ক।। খুলনার ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান বালা হত্যা মামলায় মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী ভাবী সাবিহা খাতুন শিপুসহ এজাহারভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শনিবার আদালতৈর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। একই এ মামলায় জিজ্ঞাসাবাদেও জন্য ১০দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই বিপ্লব কান্তি দাস জানান, শনিবার খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদেরকে হাজির করে রিমান্ডের এ আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হচ্ছে- মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নিহত বালার ছোট ভাই এসএম মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপু (৩৫), বুরুজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারি ও আপার যশোর রোডস্থ মো. আনসারের পুত্র সজিব হাসান সাথী (২৭), বুরুজের দেহরক্ষি শেখপাড়া স্টাফ কোয়াটার এলাকার মোস্তফা সরদার সোনা (৪৫) এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের আরও দু’কর্মচারি ফয়সাল (২৫) ও শেখপাড়ার হুদা মিয়ার পুত্র মাসুদ (২৫)।
তদন্ত কর্মকর্তা এসআই বিপ্লব কান্তি দাস বলেন, গ্রেফতারকৃত ৫ আসামির রিমান্ডের আবেদনের শুনানি ২/১ দিনের মধ্যে হতে পারে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী ছাহেরা খাতুন বাদি হয়ে খুলনা থানায় বালা হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার সাবিহা, সাথী ও সোনাকে এবং পরবর্তীতে ফয়সাল ও মাসুদকে গ্রেফতার করে পুলিশ।
এজাহারে উল্লেখ করা হয়, ছোট ভাই এসএম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুর পর মিজানুর রহমান বালা তার ঠিকাদারি ও ব্যবসা পরিচালনা করতেন। এ নিয়ে বুরুজের স্ত্রী সাবিহা খাতুনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরই জের ধরে সাবিহা খাতুনের পরিকল্পনা ও অর্থে বালাকে হত্যা করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, ২৭ মার্চ রাত ৯টার দিকে ঠিকাদার মিজানুর রহমান বালা বাসায় ফেরার পথে মহানগরীর রায়পাড়া রোডস্থ দারুল উলুম মাদরাসার পূর্ব পাশে পৌছালে দৃর্বৃত্তরা তার রিকশার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে পেটে উপর্যপুরি আঘাত করে। এ সময় পিছনের রিকশায় বালার বড় ভাইয়ের ছেলে অসীম ও মামার ছেলে রানা শেখ ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত আসামিরা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে। এক পর্যায়ে তারা বালা’র মৃত্যু নিশ্চিত ভেবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি বালা’র মত হবে বলেও অসীম ও রানাকে জীবননাশের হুমকি দেয়। উৎস: বাংলা ট্রিবিউন।




