জাল ভোট দেওয়ায় প্রধান শিক্ষক আটক
ধামরাই প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ধামরাইয়ে জাল ভোট দেওয়ায় আবুল বাশার বাদশা নামে এক প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক প্রিজাইডিং অফিসার ধামরাই এলাকার আমসিমুর সেসিব মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাটুরিয়া উপজেলা জাতীয় পার্টি থেকে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান।
জানা গেছে, এদিন বেলা ১১টার মধ্যে তেমন ভোটার উপস্থিত না থাকলেও ১৮৯১ ভোটের মধ্যে ৬০০ ভোট কাস্ট হয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার শাহা ওই কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি না পেয়ে এতো ভোট কাস্ট হওয়ায় সন্দেহ হয়। এসময় তিনি ব্যালট পেপারের মুড়িতে স্বাক্ষর না পাওয়া এবং পোলিং অফিসার ও বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করারও অভিযোগ রয়েছে ওই প্রিজাইর্ডি অফিসারের বিরুদ্ধে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ জানান, উপজেলা পরিষদ নির্বাচনে কান্দাপটল স্কুলে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ উঠায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




