284674

জোড়া সেঞ্চুরিতে কোহলির দলকে ২৩২ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্কঃ টস জিতে ফিল্ডিং নেয়ার মাশুল বেশ ভালোভাবেই গুনতে হলো বিরাট কোহলিকে। টসের সময়ই তিনি মাইকের সামনে বলেছিলেন, হায়দরাবাদের উইকেট শুরুতে কিছুটা স্লো থাকে। এ কারণে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। আবার একজন বাড়তি স্পিনারও নিলেন দলে। মাত্র ১৬ বছর বয়সে অভিষেক করালেন প্রয়াশ রায় বর্মনকে।

কিন্তু স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানরা কোহলির সেই ধারণাকে আমুল পাল্টে দিলেন। বিশেষ করে দুই ওপেনার জনি বেয়ারেস্ট এবং ডেভিড ওয়ার্নার। দু’জনই করলেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত জোড়া সেঞ্চুরিতে বিরাট কোহলির দলের সামনে ২৩২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

আজও সাকিব আল হাসানকে বাদ দিয়ে একাদশ সাজায় সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসনও নেই। পরিবর্তিত অধিনায়ক ভুবনেশ্বর কুমার। বিরাট কোহলির সঙ্গে টস করতে নেমে হেরে যান তিনি। যদিও প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পান হায়দরাবাদ অধিনায়ক।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন সানরাইজার্সের দুই ওপেনার ওয়ার্নার এবং বেয়ারেস্ট। দু’জনের ব্যাটে গড়ে ওঠে রেকর্ড ১৮৫ রানের জুটি। ওপেনিং জুটিতে এটাই এখন সবচেয়ে বেশি রান করার রেকর্ড। এর আগে গৌতম গম্ভীর আর ক্রিস লিন মিলে ওপেনিং জুটিতে ১৮৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন ২০১৭ সালে। এবার সেটা এক রানের জন্য ভেঙে দিলেন ওয়ার্নার আর বেয়ারেস্ট।

এরই মধ্যে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে ফেলেন বেয়ারেস্ট। ৫৬ বলে ১১৪ রান করে তিনি আউট হয়ে গেলেও সানরাইজার্সের রান থামাতে পারেনি বিরাট কোহলির দল। ৫৬ বলে ১২ বাউন্ডারি আর ৭ ছক্কায় নিজের ইনিংসটি সাজান বেয়ারেস্ট।

শেষ পর্যন্ত সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নারও। তার সেঞ্চুরি আসলো ৫৫ বলে। ৫টি করে বাউন্ডারি আর ছক্কায় এই ইনিংস সাজান ওয়ার্নার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

রান উৎসবের দিনে কিছুটা নিষ্প্রভ বিজয় শঙ্কর। ৩ বলে ৯ রান করে আউট হয়ে যান তিনি। ইউসুফ পাঠান ৬ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদের রান উঠলো ২৩১ রান।

ad

পাঠকের মতামত