ছাত্রীর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে। এতে আহত হয়েছেন তিন ছাত্র। আজ রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে (শহীদ মিনার এলাকা) এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের ‘বিজয় গ্রুপের’ এক সদস্য বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এর জের ধরে ছাত্রীর বন্ধুরা সিএফসি ও বিজয় গ্রুপের ওই সদস্যকে ধমকায়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনার সূত্র ধরে বিজয় গ্রুপের সদস্য জুবায়ের আহমেদ (আরবি বিভাগ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ), মোহাম্মদ তনয় (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ও কাজল দাস (নৃবিজ্ঞান বিভাগ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) আহত হন।
চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। এখন ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত আছে।’ এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা সিনিয়ররা বসে সমাধান করে ফেলব।’
এ ঘটনায় বিজয় গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি। চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয় প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। উৎস: দৈনিক আমাদের সময়।




