উপজেলা হিসাবরক্ষণ অফিসে আগুন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা হিসাব রক্ষণ অফিসে আগুনের ঘটনা ঘটেছে। এতে নথিপত্রের কোন ক্ষতি না হলেও উপজেলা ভবনের গুরুত্বপূর্ণ অফিসগুলোর নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শনিবার রাতের আধারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হিসাব রক্ষণ অফিস। সেখানে শনিবার রাতের কোন এক সময় আগুনের লাগে।
এতে অফিসের কাঠের দরজার নীচের অংশ, পর্দা, বৈদ্যুতিক তার, নেম প্লেট ও হিসাব রক্ষণ অফিসের সাইনবোর্ড পুড়ে যায়। রাতের এই অগ্নিকান্ড কারো নজরে না পড়লেও সকালে তা সকলের নজরে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার ও মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।
হিসাব রক্ষক মাজেদ হোসেন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। তবে অফিসের ভিতরের অংশে কোন ক্ষতি হয়নি। অফিসের নথিপত্র ঠিক ঠাক রয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম জানান, আগুনের খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় চত্ত্বরে কিছু পাগল (মানসিক প্রতিবন্ধী) ঘোরাফেরা করে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, অফিসের নৈশ প্রহরি থাকতেও কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




