পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীর টাকা ছিনতাই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশ পরিচয়ে নূর আলম (২৭) নামে এক বিকাশ কর্মীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের তিন মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। নূর আলম বিকাশ ডিস্ট্রিবিউটরের অধিনে ডিস্ট্রিক্ট সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত এবং তার বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায়। এ ঘটনায় তিনি পঞ্চগড় সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।
নূর আলম জানান, শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বিকাশ এজেন্টদের কাছে বিকাশের নগদ সাড়ে সাত লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে আসছিলেন তিনি। পথিমধ্যে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের তিনমাইল নামক স্থানে একটি মোটসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তার পথরোধ করেন এবং ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তার ব্যাগে ফেনসিডিল আছে বলে চ্যালেঞ্জ করেন।
এসময় নূর আলম পকেট থেকে মোবাইল বের করে বিকাশ অফিসে যোগাযোগ করার চেষ্ট করলে ছিনতাইকারীরা তার চোখে মরিচের গুড়ো ছিটিয়ে দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এসময় নূর আলমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।




