ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড: গুলশানে যান চলাচল বন্ধ
নিউজ ডেস্ক।। রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডে গুলশান এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। এর আগে শনিবার সকাল পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণে রযেছে বলে জানা গেছে। তবে আগুনে ২৯১টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘গুলশান ১ এ ডিএনসিসির কাঁচাবাজার ও সুপার মার্কেটের আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, কাঁচাবাজারের সুগন্ধির কোনো দোকান থেকে আগুন লেগেছে।




