গাছে বেঁধে জনসম্মুখে গৃহবধূকে নির্যাতন
নিউজ ডেস্ক।। কুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূকে চুল কেটে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারী এখন আছেন হাসপাতালের শয্যায়। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ডিবিসি নিউজ।
দেড় মাস আগে ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আসলাম হোসেনের সাথে বিয়ে হয় ময়না খাতুনের। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ময়নার অভিযোগ, গত রবিবার বিকেলে হঠাৎ করে তার স্বামীর আগের স্ত্রীর স্বজনরা এসে তাকে ঘরের মধ্যে আটকে মারধর করে চুল কেটে দেয়। এরপর বাড়ির বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে আবারো নির্যাতন চালায়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, শারীরিক নির্যাতনের ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছেন। ঘটনার পর নিজেই বাদী হয়ে ৬ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন ময়না খাতুন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন ও সমাবেশ করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।




