এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ সদস্য আহত
নিউজ ডেস্ক।। রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ছয় সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, দমকল বাহিনী, সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। সেই সঙ্গে জনসাধারণও উদ্ধারকাজে এগিয়ে এসেছিলেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৪১ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে পৃথক শোকবার্তায় তারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতাও কামনা করেন তারা।




