৫২১ সংসদ সদস্যের ৪৩০ জনই কোটিপতি
ভারতের ষোড়শ লোকসভার ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জনই কোটিপতি। আর ফৌজদারি মামলা রয়েছে ৩৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) সমীক্ষায় ওই তথ্য উঠে এসেছে। সবচেয়ে বেশি কোটিপতি সাংসদ মোদির দল বিজেপি’র। এছাড়া সবচেয়ে বেশি ফৌজদারি মামলাও রয়েছে ভারতের প্রধান শাসক দলের সাংসদদের বিরুদ্ধেই।বিদায়ী লোকসভার ৫২১ জন সাংসদের দায়ের করা হলফনামা নিয়ে সমীক্ষা করেছে এডিআর। ওই সমীক্ষা রিপোর্ট বলছে, ৫২১ জন সাংসদের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে ৪৩০ জনই কোটিপতি। এ সংখ্যা মোট লোকসভা সদস্যের ৮৩ শতাংশ।
মোদির দল বিজেপির কোটিপতি সাংসদের সংখ্যা ২২৭ জন, কংগ্রেসের ৩৭ এবং ২৯ জন এডিএমকের। বাকিরা অন্য দলের সংসদ সদস্য।২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতি বিজয়ী প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ছিল ১৪ কোটি ৭২ লক্ষ টাকা। এডিআরের রিপোর্ট বলছে, হলফনামায় ৩২ জন সাংসদ জানিয়েছেন,তাদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। মাত্র দু’জন সাংসদের সম্পত্তির পরিমাণ পাঁচ লাখ টাকার কম।ওই স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, ষোড়শ লোকসভার ১০৬ জন সংসদ সদস্যের বিরুদ্ধে খুনে জড়িত, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, নারী নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।
এদের মধ্যে বিজেপির চার এবং কংগ্রেস, এনসিপি, এলজেপি, আরজেডি, স্বভিমান পক্ষ ও এক জন নির্দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তবে সব চেয়ে বেশি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বিজেপির সাংসদদের বিরুদ্ধে। এ তালিকায় বিজেপির আট এবং কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা, আরজেডি এবং স্বভিমানের একজন করে সাংসদ রয়েছেন। এছাড়া দশ বিজেপি সাংসদ-সহ ১৪ জনের বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ। সূত্র: আনন্দবাজার




