মিষ্টি খেয়ে টাকা না দেয়া বরিশালে সেই ওসিকে প্রত্যাহার
দোকান থেকে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে উৎকোচ আদায়ের অভিযোগে জেলার একমাত্র নদীবেষ্টিত দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তাকে (ওসি) মেহেন্দিগঞ্জ থানা থেকে গত ২৭ মার্চ প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত ওসি শাহিন খান মেহেন্দিগঞ্জ থানার দায়িত্বভার ছাড়েননি।
এ ব্যাপারে ওসি শাহিন খান বলেন, জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার কোনো আদেশের কপি তার হাতে এসে পৌঁছেনি। সেজন্য তিনি মেহেন্দিগঞ্জ থানার ওসি’র দায়িত্বভার ছাড়েননি। সূত্রমতে, দোকান থেকে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে উল্টো ব্যবসায়ীকে থানায় আটক করে উৎকোচ আদায়সহ মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের বিস্তার অভিযোগের ভিত্তিতে ওসি শাহিন খানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুর রহমান ও মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুকুমার রায়কে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়। জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তারা জানান, চলমান তদন্তে বেশ কয়েকজন ব্যবসায়ী ওসি শাহিন খানের বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন। সহকারী পুলিশ সুপার সুকুমার রায় বলেন, ওসি শাহিন খানের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়টির তদন্ত প্রায় শেষপর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে প্রতিবেদন দাখিল করা হবে।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ওসি শাহিন খানের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তদন্ত চলছে। এরইমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা তার বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন। শাহিন খান জনগণের আস্থা হারিয়েছেন। এ কারণে মেহেন্দিগঞ্জ থানা থেকে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।




