আল্লাহ নিহতদের পরিবারকে শোক সহ্যের ক্ষমতা দেন: তামিমপত্নী
স্পোর্টস ডেস্ক: রাজধানীর বনানী অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২০ জন। ভয়াবহ এ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা জাতিকে। হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটারদের। ব্যতিক্রম নন তাদের স্ত্রীরাও। ঘটনার পরপরই মুখ খোলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আগুনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, এটি তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এমন মর্মান্তিক ঘটনায় চুপ থাকেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকাও। অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। এ ছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আয়েশা লেখেন, এটি পুরোপুরি হৃদয়বিদারক ঘটনা। মৃতদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের (নিহতদের) পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দেন। যারা ভেতরে আটকে আছেন এবং কষ্টে রয়েছেন তাদের যেন আল্লাহ সাহায্য করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডে বহুতল ভবনে আগুন লাগে। এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এটি সেখানকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত। এখন পর্যন্ত আগুন লাগার স্পষ্ট কারণ জানা যায়নি।
মুহূর্তেই ঘটনাটি টাইগার ক্রিকেটারদের কানে পৌঁছে। এ ঘটনায় শোক ও আহতদের সাহায্যের জন্য আহ্বান জানান জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকা নেহাতই ছোট নয়। রয়েছেন মাশরাফি, মোস্তাফিজ, মিরাজ, রুবেল, সাব্বির প্রমুখ।




